
ইসলামিক ডেস্কঃ সৌদি আরবের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরিতে সংরক্ষিত আছে ৩২ হাজার ৬২৫টিরও বেশি দুর্লভ ও ঐতিহাসিক বইয়ের সমৃদ্ধ সংগ্রহ। আরবি ও ইসলামী ঐতিহ্যের গুরুত্বপূর্ণ মুদ্রিত নিদর্শন সংরক্ষণ এবং গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে লাইব্রেরিটি এ সংগ্রহ গড়ে তুলেছে।
লাইব্রেরিটির অন্যতম আকর্ষণ প্রাচীন ইউরোপীয় সংস্করণে প্রকাশিত দুর্লভ বইয়ের সংগ্রহ। এতে মহানবী মুহাম্মদ (সা.)-এর জীবনচরিতবিষয়ক ৭৮টি বই, প্রাচীন ইউরোপীয় ভাষায় অনূদিত পবিত্র কোরআনের অর্থবিষয়ক ১১৩টি বই, কোরআন অধ্যয়নবিষয়ক ৫৫টি বই এবং ইসলামী উৎস ও সূত্রবিষয়ক ৫৪টি বই রয়েছে। এসব গ্রন্থ থেকে পবিত্র কোরআন ও ইসলামী জ্ঞানচর্চার প্রতি ইউরোপীয়দের প্রাথমিক আগ্রহ এবং সে সময়ের গবেষণার ধারা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এ ছাড়া লাইব্রেরিতে আছে ১৫৯২ থেকে ১৫৯৩ সালের মধ্যে ইউরোপে মুদ্রিত আরবি বইয়ের একটি গুরুত্বপূর্ণ সংগ্রহ। এসব বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো এইচ. রিটারের সম্পাদনায় ইবনে সিনার ‘দ্য ক্যানন অব মেডিসিন’ এবং আবদুল কাহির আল-জুরজানির ‘সিক্রেটস অব এলোকুয়েন্স’।
পাশাপাশি ওসলা ওয়াইজার সম্পাদিত প্লুবিওনাস দ্য ওয়াইজের ‘অ্যানালস অব দ্য পাবলিকেশন অব দ্য মাথানি’, কোয়ামেজিকি সম্পাদিত আবু আল-ফারাজ ইবনে আল-তায়্যিবের পোরফিরির ‘দ্য বুক অব ইসাগোজি’-এর ভাষ্য এবং অ্যান্টন এম. হাইনেন সম্পাদিত জালালুদ্দিন আল-সুয়ুতির ‘ইসলামিক অ্যাস্ট্রোনমি’ গ্রন্থও এ সংগ্রহের অন্তর্ভুক্ত।
লাইব্রেরির আরেকটি উল্লেখযোগ্য সম্পদ হলো আট হাজার ২৭১টি দুর্লভ আরবি বই। এসব বই যথাযথভাবে তালিকাভুক্ত, শ্রেণিবদ্ধ ও ডিজিটাল ডেটা বেইসে সংরক্ষণ করা হয়েছে। ফলে গবেষক ও আগ্রহী পাঠকদের জন্য বইগুলোর তথ্য খুঁজে পাওয়া এবং সেগুলোর বিষয়বস্তু সম্পর্কে জানার সুযোগ সহজ হয়েছে।
কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরিতে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির ব্যক্তিগত গ্রন্থাগারও সংরক্ষিত আছে। এর মধ্যে ইসলামিক ইনস্টিটিউটের সাবেক ডিন এবং প্যারিসের গ্র্যান্ড মসজিদের ইমাম হামজা বুবাকেরের ব্যক্তিগত গ্রন্থাগার। এ সংগ্রহে ১৭ হাজার ১৭০টি শিরোনামের মোট ১৯ হাজার ৮২১ খণ্ড বই রয়েছে। আরবি, ফারসি, ইংরেজি, জার্মান ও রুশ ভাষার এসব সংগ্রহের মধ্যে বই, সাময়িকী, সংবাদপত্র, পাণ্ডুলিপি, ঐতিহাসিক দলিল, সংবাদপত্রের কাটিং, গবেষণাপত্র ও দুর্লভ গ্রন্থ উল্লেখযোগ্য। বিষয়বস্তুর বৈচিত্র্যেও লাইব্রেরিটির সংগ্রহ বেশ সমৃদ্ধ। এখানে ইসলামী জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য, ভ্রমণকাহিনি এবং বিভিন্ন দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রীতিনীতি ও সামাজিক প্রথাবিষয়ক অসংখ্য গ্রন্থ রয়েছে। বিশেষ করে সৌদি আরব, আরব উপসাগরীয় অঞ্চল এবং বৃহত্তর ইসলামী বিশ্বের ইতিহাস ও সংস্কৃতিসংশ্লিষ্ট বইগুলো উদীয়মান তরুণ গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার হিসেবে ভূমিক রাখছে।
