
ডেস্ক নিউজ : ঠাকুরগাঁওয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে প্রতিযোগিতাটির উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি করার লক্ষ্যেই এই আয়োজন। বিশেষ করে ১২ থেকে ১৪ বছর বয়সি শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা বিকাশ এবং ভবিষ্যতের ক্রীড়াবিদ গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, মো. গোলাম ফেরদৌস ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।
এছাড়া জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
দেশব্যাপী একযোগে শুরু হওয়া এই কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে গ্রুপ পর্যায়ের খেলা ইতোমধ্যে শুরু হয়েছে। আয়োজকরা জানান, আগামী ৯ মে ফাইনাল খেলার মাধ্যমে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।
