
বিনোদন ডেস্ক : দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে নিপুণ অভিনয় দিয়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন তিনি। অথচ জীবনের এই সায়াহ্নে এসে খোদ দর্শকদের একাংশের আচরণে গভীরভাবে ব্যথিত বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগমাধ্যমের বর্তমান সংস্কৃতি এবং প্রবীণ শিল্পীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের জমাটবাঁধা আক্ষেপ উগরে দিয়েছেন এই গুণী শিল্পী।
তিনি বলেন, ‘বয়স্ক আর্টিস্টদের কেউ পছন্দ করে না। এটা সত্যি কথা আমাদের দেশে।’ দীর্ঘ পথচলায় বরাবরই দর্শকদের অফুরান ভালোবাসা পেয়েছেন তিনি। তবে বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়া কালচার তাকে নতুন করে ভাবিয়ে তুলেছে। ডলি জহুর আক্ষেপ করে বলেন, ‘আজকাল আমার দর্শক আমাকে আর ভালোবাসে না। ভালোবাসে না বলেই চট করে একটা নেতিবাচক কমেন্ট করে। সেই কমেন্টে যে একটা মানুষের ভিত নড়ে যেতে পারে, সেটা তারা বুঝতে পারে না। আমি কখনো ভাবিনি যে কেউ আমাকে নেতিবাচক কোনো কথা বলবে। কিন্তু এটাও যে মানুষ বলে, সেটা আমি এখন বুঝতে পারছি। ভালো না-ও বাসতে পারে। বয়স হলে বয়স্ক আর্টিস্টদের কেউ পছন্দ করে না, সেটাও সত্যি কথা আমাদের দেশে।’
নিজের প্রাপ্তি আর ভবিষ্যৎ নিয়ে এই বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘৫০ বছরে অনেক প্রাপ্তি ছিল, অনেক পেয়েছি, দর্শকের ভালোবাসা পেয়েছি। আমাকে দেখার যে আগ্রহগুলো দেখতাম, ভালো লাগত। কিন্তু এখন জানি না, আমার মারা যাওয়ার পর কেউ দোয়া করবে কি না। কেউ বলবে কি না আহারে বেচারি মারা গেছে! তখন তো দেখতেও পাব না, জানতেও পারব না। যা-ই হোক, ওসব কথা বলে লাভ নেই।’
জাতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ডলি জহুর আজীবন সম্মাননাসহ একুশে পদকেও ভূষিত হয়েছেন। দেড় শতাধিক সিনেমা এবং অগণিত নাটকে অভিনয় করা এই শিল্পীকে সাম্প্রতিক সময়ে পর্দায় খুব একটা দেখা না গেলেও দীর্ঘ এক যুগের বিরতি ভেঙে আবারও রুপালি পর্দায় ফিরেছেন তিনি। সবশেষ তাকে দেখা গেছে রেদোয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায়।
