
আন্তর্জাতিক ডেস্কঃ গাজার স্থিতিশীলতায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনার আগে সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এদিকে ফিলিস্তিনি সাংবাদিক আবু শাদেহকে মুক্তি দিয়েছে ইসরায়েল।
সোমবার ইসরায়েলি সংবাদ সাইট ওয়ালা জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার প্রাথমিকভাবে প্রায় ২৫০ বিদেশি সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রকে। এর আগে ইসরায়েল কয়েক ডজন বিদেশি সামরিক সদস্যকে গাজায় ঢুকতে দেওয়ার কথা বললেও সংখ্যা উল্লেখ করেনি। আগস্টে নেতানিয়াহু আন্তর্জাতিক বাহিনীর প্রবেশে অনুমোদনের কথা অস্বীকার করেছিলেন। ওয়ালার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে অংশগ্রহণের আগ্রহ জানিয়েছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো, উগান্ডা ও আলবেনিয়া। কাজাখস্তান চিকিৎসা ও লজিস্টিক সহায়তা দিতে চেয়েছে। কসোভো নিরাপত্তা ও পুলিশিং মিশনে অবদান রাখার প্রস্তাব দিয়েছে। বাহিনী মোতায়েনের পরিকল্পনা কয়েক মাস আগে সামনে এলেও ইসরায়েলি বাধার ইঙ্গিতের মধ্যে এখনো তা গাজায় ঢোকেনি। প্রস্তাবিত এই বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অংশ।
ওয়ালা জানায়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি কী নীতি নিতে পারে এবং বাহিনী কত দ্রুত গাজায় মোতায়েন হতে পারে, তা নিয়ে ইসরায়েলি সামরিক প্রতিষ্ঠানের উদ্বেগ রয়েছে। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ফলাফলের পর মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইসরায়েলের প্রতি কঠোর অবস্থান নিতে পারেন, এমন আশঙ্কায় এই উদ্বেগ বেড়েছে। নাম প্রকাশ না করা এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা ওয়ালাকে বলেন, এটি অকল্পনীয় নয় যে, গাজা ডিভিশন ও সাউদার্ন কমান্ড একদিন ঘুম থেকে উঠে দেখবে, আন্তর্জাতিক বাহিনী গাজা ডিভিশনের চেয়েও বড়। তিনি আরো বলেন, ইসরায়েলকে মাঠপর্যায়ে প্রভাব ফেলতে পারে এমন বিভিন্ন কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু বিস্তারিত কিছু তিনি বলেননি। ওয়ালার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি গাজা সীমান্তের কাছে মার্কিন সেনা ও অন্য দেশের কর্মকর্তাদের দেখা গেছে। দক্ষিণের একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিকে সুরক্ষিত মার্কিন স্থাপনায় রূপান্তর করা হয়েছে।
নাম প্রকাশ না করা ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানান, গত দুই সপ্তাহে মার্কিন সেনাদের সঙ্গে বিদেশি কর্মকর্তাদের সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়, এসব তৎপরতা বহুজাতিক বাহিনী ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সকে গাজার গভীরে প্রবেশের প্রস্তুতির অংশ। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সীমান্তের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের সাউদার্ন ব্রিগেডের দায়িত্বপূর্ণ এলাকায় একটি নির্ধারিত ঘাঁটিতে যানবাহন ও সামরিক সরঞ্জাম সরিয়েছে। এর মধ্যে আছে ট্রাক, অতি-চলমান সাঁজোয়া কর্মীবাহী যান, চিকিৎসা-উদ্ধার যান এবং মেশিনগানসজ্জিত সাঁজোয়া যান। স্থানটি মূলত ইসরায়েলি সামরিক ঘাঁটি ছিল, যা যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করা হয়েছে। ঘাঁটির চারপাশে গার্ড টাওয়ার, নজরদারি সরঞ্জাম ও আলোর ব্যবস্থা বসানো হয়েছে এবং বেষ্টনী বেড়া মজবুত করা হয়েছে। সশস্ত্র মার্কিন সেনারা সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছেন।
এদিকে অভিযোগ ছাড়াই পাঁচ দিন আটক রাখার পর ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহকে মুক্তি দিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। রবিবার মুক্তির পর শাদেহ বলেছেন, তাকে আটক করার ঘটনা কেবল তার বিরুদ্ধে নয়, বরং পুরো আরব সমাজকে ভয় দেখাতে নেওয়া রাজনৈতিক পদক্ষেপেরই অংশ ছিল। তিনি বলেন, আমার মতে, এর সবচেয়ে উপযুক্ত জবাব হলো নিজেদের মধ্যে এই বিশ্বাস আরো দৃঢ় করা যে, আমরা সঠিক পথে আছি, আমাদের পথ সত্যের পথ। সাংবাদিক হিসেবে নিজের কাজ চালিয়ে যাবেন বলেও জানান তিনি। গত মঙ্গলবার বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের' সন্দেহে তাকে আটক করা হয়। তেল আবিবের উপকণ্ঠে পেতাহ টিকভায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতের একটি স্থাপনায় তাকে রাখা হয়েছিল। আইনের অধিকার নিয়ে কাজ করা সংগঠন আদালাহ জানিয়েছে, ইসরায়েলের আরব ভোটারদেরকে সমর্থন দেওয়ার জন্য বিদেশি উৎস থেকে অর্থ গ্রহণের সন্দেহে শাদেহকে আটক করা হয়েছিল।
আবু শাদেহ ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিক। আরব৪৮ ওয়েবসাইটের ‘আল-মিদান' পডকাস্টে কথা বলার পাশাপাশি সংবাদমাধ্যম আলজাজিরায় বিশ্লেষক হিসেবে উপস্থিত হওয়ার পর তার বিরুদ্ধে ঐ অভিযোগ আনা হয়। শাদেহের আইনি পরামর্শদাতা এবং আদালাহ-এর মানবাধিকার বিষয়ক আইনজীবী হাদিল আবু সালিহ বলেন, ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে যেসব বিষয়ে আলোচনা হয়, আবু শাদেহও সেসব বিষয় নিয়েই কথা বলেছেন। তিনি বলেন, প্রথম দিন, অর্থাৎ বৃহস্পতিবার থেকেই স্পষ্ট ছিল যে, এ বিষয়ে পুলিশের কাছে কোনো প্রমাণ নেই। তার বিরুদ্ধে সন্দেহের ভিত্তি কেবল ছিল কাতারে অবস্থানকালে ফিলিস্তিনি বুদ্ধিজীবী আজমি বিশারার সঙ্গে তার একটি প্রকাশ্য কথপোকথন।
সালিহ বলেন, বক্তারা ফিলিস্তিনি হওয়ার কারণে এখন এসব আলোচনাকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। কিংবা ফিলিস্তিনিরা যখন তাদের রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করতে চাইছেন, তখন একে অপরাধ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের রাষ্ট্রব্যবস্থা সেই আলোচনা ও বিশ্লেষণকেই অপরাধ বলে সন্দেহ করছে। তিনি আরো বলেন, তারা বোঝানোর চেষ্টা করছিল যে, তিনি সাংবাদিক নন, বরং রাজনৈতিক পরামর্শক। গত ৩ নভেম্বর রাতে জাফায় আবু শাদেহর বাড়িতে অভিযান চালায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য। এ সময় তার দুই সন্তানের সামনেই তাকে আটক করা হয় এবং শাদেহের মোবাইলসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও বইপত্র জব্দ করা হয়।
<p>..</p>
Copyright © 2025 All rights reserved ভোরের আলো