ডেস্ক নিউজ : দেশের সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নির্ধারণ এবং সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত এবং মোহাম্মদ আবুল হাসান বৈঠকে অংশ গ্রহণ করেন।
বৈঠকের শুরুতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে বিদ্যমান সংকট, চ্যালেঞ্জ এবং সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। কমিটি এসব পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে।
এছাড়া, বৈঠকে দেশের চলমান জ্বালানি পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। কমিটির সদস্যরা তাদের নিজ নিজ মতামত ও সুপারিশ প্রদান করেন, যা ভবিষ্যৎ করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
<p>..</p>
Copyright © 2025 All rights reserved ভোরের আলো