
আবহাওয়া ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'অর্ণব' ভারতের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার আগে আরও শক্তিশালী হতে পারে ঝড়টি।
এ সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলা ও ওড়িশার দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের ঝুঁকি মোকাবিলায় অন্ধ্রপ্রদেশে প্রায় ৫ লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার প্রস্তুতি চলছে। মাছ ধরার নৌকাগুলোকে উপকূলে ফেরার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
ঝড়ের আশঙ্কায় মঙ্গলবার ও বুধবার পাঁচটি জেলার স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ওড়িশা সরকার। নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নেয়ার প্রস্তুতিও চলছে। দুই রাজ্যেই সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় নেয়া হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা।
ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৭ থেকে ৩০ অক্টোবর দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। একই সময়ে উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
<p>..</p>
Copyright © 2025 All rights reserved ভোরের আলো